মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মুজিবনগর ডিগ্রী কলেজে তসিম নামের এক বহিরাগত যুবকের অনুপ্রবেশকে কেন্দ্র করে ছাত্র ও পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের এসআই,কনস্টেবল,কলেজের ৩ শিক্ষক ও ছাত্র সহ ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন,মুজিবনগর থানা পুলিশের এসআই কামরুজ্জামান,কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক মফিজুর রহমান,জীববিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউল,প্রাণী বিজ্ঞান বিভাগের শিক্ষক আনারুল কবির,পুলিশ কনস্টেবল আমিরুজ্জামান,কলেজ ছাত্র রকি এবং বহিরাগত যুবক তসিম। আহত পুলিশের এসআই ও কনস্টেবল বর্তমানে মুজিবনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বখাটে যুবক তসিম বর্তমানে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লা হেল বাকি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে এ ঘটনায় মেহেরপুর-মুজিবনগর সড়কে যান চলাচল বন্দ্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বন্দ্ধ থাকার পর পুলিশী হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।
মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লা হেল বাকি বলেন,বখাটে যুবক কলেজে অনুপ্রবেশের দায়ে এ ঘটনার সৃষ্টি। পরিস্থিতি পুরোপুরি শান্ত।
দারিয়াপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল বলেন,বখাটে যুবককে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। কলেজে জরুরী বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকমোল্লার বখাটে ছেলে তসিম প্রতিদিনের ন্যায় মুজিবনগর ডিগ্রী কলেজের মেয়েদের উক্ত্যক্ত করতে মোটরসাইকেল যোগে কলেজ ক্যাম্পাসে অনুপবেশ করে। এসময় মুজিবনগর ডিগ্রী কলেজের ছাত্র রকি মেয়েদের বিরক্ত করতে বাঁধা দিলে বখাটে তসিম রকিকে মারধর শুরু করে। এ ঘটনা দেখে কলেজের অন্যান্য ছাত্ররা তসিমকে তাড়া করে। কলেজের এক শিক্ষক অবস্থা বেগতিক দেখে
বখাটে তসিম উদ্ধার করে শিক্ষকদের হেফাজতে নেয়। কিন্তু উত্তেজিত ছাত্ররা তসিমকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য অধ্যক্ষ সহ সকল শিক্ষককে অনুরোধ জানায়। শিক্ষকরা কর্ণপাত না করায় উত্তেজিত ছাত্ররা বখাটে তসিমের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় এবং কলেজে ব্যাপক ভাংচুর শুরু করে। পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ বেঁধে যায়। ছাত্রদের নিক্ষিপ্ত ইটের আঘাতে পুলিশের কর্মকর্তা সহ কলেজ শিক্ষকরা আহত হয়। পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে এবং আত্নরক্ষার জন্য পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। তবে পুলিশ সুপার অস্বীকার করেছে।