সাহাজুল সাজু :
আর মাত্র ৬দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত। নিজ দলের পক্ষে ভোট চাইতে তারা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। আয়োজন করা হচ্ছে মিছিল । কিন্তু একইদিনে অনুষ্ঠিতব্য গণভোট সম্পর্কে গ্রামাঞ্চলের ভোটাররা এখনো রয়ে গেছেন অস্পষ্টতায়। সচেতন ভোটাররা এ বিষয়ে কম-বেশি সচেতন হলেও গ্রামাঞ্চলের অশিক্ষিত-অর্ধশিক্ষিত ভোটারদের অনেকেই রয়ে গেছেন অন্ধকারে।
মেহেরপুর-২ (গাংনী) আসনটি-১টি পৌরসভা ও ১টি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ২লাখ ৬৪ হাজার ৩৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৫৯জন, মহিলা ভোটার ১ লাখ ৩৪ হাজার জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। উপজেলার ৯ ইউনিয়ন ও ১টি পৌসভার মধ্যে কিছু ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় ভোট নিয়ে আলোচনা থাকলেও গণভোটের বিষয়ে আলোচনা তেমন নেই। গণভোটে গ্রামাঞ্চলের মানুষের আগ্রহ কম। সাধারণ মানুষের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ থাকলেও গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। সরকারের পক্ষ থেকে গণভোট বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানানো হলেও বাস্তবে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এ সংক্রান্ত প্রচারণা নেই বললেই চলে। ফলে সাধারণ ভোটারদের মধ্যে গণভোট নিয়ে বিভ্রান্তি রয়েছে।
উপজেলার রাইপুর ইউনিয়নের নারী ভোটার মেরিনা খাতুন বলেন, ‘হ্যাঁ-না’ ভোটের কথা আমি কিছুই বুঝি না। আমি দীর্ঘদিন ধরে দলীয় প্রতীকে ভোট দিয়ে আসছি। প্রতীক ছাড়া ভোট দেয়া আমার জন্য কঠিন। ধানখােলা ইউনিয়নের ভােটার শমসের আলী বলেন, ‘হ্যাঁ-না’ ভোট সম্পর্কে কিছুই জানি না।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনােয়ার হােসেন বলেন,সরকারের পক্ষ থেকে ভােট প্রদানে প্রচার-প্রচারণার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। যাতে করে ভােটাররা তাদের নিজের পছন্দের প্রতীকে ভােট প্রদান করতে পারে।