মেহেরপুর নিউজ :
মেহেরপুর-১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান বলেছেন, “আজ আমরা মেহেরপুরকে প্রমাণ করেছি—এটি দাঁড়িপাল্লার মেহেরপুর। পরাজয়ের গন্ধ পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
সোমবার সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড় এলাকায় ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজউদ্দিন খান বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে আমরা নাকি জান্নাতের বিনিময়ে ভোট চাই। এমন কোনো ঘটনা ঘটেছে কি না, এদেশের জনতাই বলবে। দেশের মানুষ চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ তারিখে জনগণ প্রমাণ করে দেবে আগামীর বাংলাদেশ কেমন হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক ঘোষণায় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞাকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। “সুষ্ঠু নির্বাচন দিতে হলে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। ক্যামেরার মাধ্যমেই জাতির সামনে সত্য তুলে ধরা সম্ভব,”—বলেন তিনি।
মুহু মুহু স্লোগান ও তুমুল করতালির মধ্যে তাজউদ্দিন খান বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে জামায়াতে ইসলামী জিতলে ফাঁসি দেওয়া হবে। অপরাধী হলে যে কেউ সাজা পাবে—দল বা মত বড় কথা নয়। ৫৪ বছরের পুরনো ধারা ভেঙে নতুন বাংলাদেশ গড়তে হলে এই সংস্কৃতি বদলাতে হবে।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “কেউ টাকা দিয়ে ভোট কিনতে চাইলে মনে রাখবেন, টাকা আপনার প্রাপ্য—নেবেন। কিন্তু ভোটটি সঠিক জায়গায় দেবেন। টাকা দিয়ে ভোট কেনা মানে আপনার অধিকার পাঁচ বছরের জন্য বিক্রি করে দেওয়া।”
এর আগে বিকেলে মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। তাজউদ্দিন খানের নেতৃত্বে মিছিলটি কোর্ট সড়ক, হোটেল বাজার, বড়বাজার মোড় ঘুরে ওয়াপদা সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে তিনি একটি ছাদখোলা জিপে দাঁড়িয়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা জনতার সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, নায়েবে আমির মাহবুব-উল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, বাংলাদেশ খেলাফত আন্দোলন মেহেরপুর জেলা শাখার আমির মুফতি হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, নাগরিক পার্টির নেতা তামিম ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
দুপুরের পর থেকে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা কোর্ট এলাকায় সমবেত হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মিছিল চলাকালে মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।