মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই :
মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়ন যুবলীগ নেতা মহির উদ্দীন হত্যা মামলার আসামি আজমাইন হোসেন ওরফে টুটুল (৩৫) ও তোহিদুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী উপজেলার নওয়াপাড়া বাজার ও বামুন্দি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। টুটুলের স্বীকারেক্তি অনুযায়ী একটি এলজি সার্টারগান উদ্ধার করেছে পুলিশ। টুটুলের বাড়ি গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামে এবং তোহিদুলের বাড়ি বামুন্দিতে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার সেকেন্ড অফিসার আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গত রাতে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে টুটুলকে গ্রেফতার করে। তার স্বীকারেক্তি অনুযায়ী তার নিজ বাড়ির সিড়ির উপর থেকে দেশীয় তৈরী একটি এলজি সার্টারগান উদ্ধার করা হয়। মহির উদ্দীন হত্যা মামলার ১৩ নম্বর আসামি টুটুল।
অপরদিকে সন্ধ্যারাতে বামুন্দি বাজার থেকে স্থানীয় জনতা তোহিদুলকে আটক করে পুলিশে দেয়। তোহিদুল ইসলাম ওই হত্যা মামলার সন্দেহভাজন আসামি। দুজনকেই মহির উদ্দীন মামলায় আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের মাঠ থেকে মহির উদ্দীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই আলি হোসেন বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।