মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগস্ট:
মেহেরপুর-মুজিবনগর সড়কের যতারপুর নামক স্থানে আলগামন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ স্কুল ছাত্র আহত হয়েছে। আহতরা হলো,মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের সাংবাদিক মেহের আমজাদের ছেলে হৃদয় এবং একই গ্রামের সহপাঠি রিংকু,সজল ও মামুন। আহতরা সকলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। আহতদের মধ্যে হৃদয় বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়ি ফিরেছে বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতদের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,আজ সোমবার বিকেলের দিকে হৃদয়ের নেতৃত্বে ৪ জন স্কুল ছাত্র একটি মোটরসাইকেলে করে মহাজনপুর গ্রাম থেকে শহরের দিকে আসছিল। ৪ জনকে বহনকারী মোটরসাইকেলটি যতারপুর নামক স্থানে পৌছিয়ে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রন না রাখতে পেরে অপরদিক থেকে আসা একটি আলগামনের সাথে সজোরে ধাক্কা মারে। পথচারীরা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আকবর আলী মোবাইল ফোনে মেহেরপুর নিউজকে জানান,মোটরসাইকেলে অতিরিক্তি লোড এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দূর্ঘটনা।