মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বরঃ
মেহেরপুরের গাংনী হাসপাতাল বাজারে অবস্থিত যুবলীগ নেতা মজিরুলের অফিসের সামনে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ছোড়া পর পর দু’টি বোমার মধ্যে একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকা প্রকম্পিত হয়ে পড়ে।
এঘটনায় কোন হতাহত হওয়ার খবর পাওয়া না গেলেও এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনার পরপরই গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭ টর দিকে গাংনী উপজেলা শহরে হাসপাতাল বাজারে অবস্থিত যুবলীগ নেতা মজিরুল ইসলামের অফিসের সামনে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা । এতে সন্ত্রাসীরা দু’টি বোমা ছুড়লেও একটি বিষ্ফোরিত হয় এবং অপর একটি বোমা অক্ষত অবস্থায় মাটিতে পড়ে থাকে। বিস্ফোরিত বোমার বিকট শব্দে এলাকার মানুষ দিকদ্বিদিক ছুটতে থাকে।পরে পুলিশ এসে অক্ষত বোমাটি ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।অক্ষত বোমাটি লালটেপ মোড়ানো ছিলো বলে পুলিশ জানিয়েছে।
যুবলীগ নেতা মজিরুল ইসলাম বলেছেন, প্রতিদিনের ন্যায় আজকের দলীয় নেতা কর্মি নিয়ে আমি অফিসের সামনে বসে ছিলাম। এসময় পর পর ২ টি বোমা হামলা করে সন্ত্রাসীরা।এসময় দলীয় নেতা কর্মিরা প্রানভয়ে দিকবিদিক ছুটোছুটি করতে থাকে।
গাংনী থানার অফিসার ইনচার্জ মিজিানুর রহমান মেহেরপুর নিউজকে বলেন, এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আটকের অভিযান চলছে।
এদিকে, বোমা হামলার প্রতিবাদে গাংনী উপজেলা শহরে তাৎক্ষনিক একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা কর্মিরা। উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মেয়র আহমেদ আলী, যুবলীগ নেতা মজিরুল ইসলাম এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।