মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মালিক ও শ্রমিক ঐক্যজোটের ডাকা অনির্দিষ্ঠকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কাঁচামালের ট্রাক চলাচল অব্যাহত রাখা সহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকের ডাক দিয়েছে জেলা প্রশাসক। বৈঠকে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সহ ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা রয়েছে।
বুধবার সকাল থেকে স্থানীয় প্রশাসনকে বেঁধে দেযা সময়ের পরও মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মালিক-শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের কোন পদক্ষেপ গ্রহণ না করায় বুধবার থেকে মেহেরপুর জেলা সব রুটে বাস-মিনিবাস, ট্রাক-ট্রাংক লরিসহ সব ধরনের যান বাহন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মালিক-শ্রমিকরা। এদিকে ধর্মঘটের কারণে সাধারন মানুষের ভোগান্তীর পাশাপাশি লাখ লাখ টাকার কাঁচামাল
পচে নষ্ট হয়ে গেছে।
মেহেরপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস জানান, গত ২৭ নভেম্বর’১২ জেলা যুবলীগের সভাপতির বাড়ি ও অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির ১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এই পরিবহন ধর্মঘট চলবে।
উল্লেখ্য,বুধবার দুপুরের পর থেকে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে চাষিরা কাঁচা ঝাল, ফুলকপি বাধাকপি, সিম, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি এনে বড় বাজার এলাকায় জমা করলেও পরিবহনের অভাবে তা সারাদিন খোলা আকাশের নীচে পড়ে থাকে। অনেক চাষি পানির দরে তাদের কাঁচা ঝাল ও সবজি বিক্রি করতে চাইলেও ক্রেতার অভাবে তা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এদিন শহরে ৩০ টাকা কেজির কাঁচা ঝাল ৮ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এদিকে কয়েক হাজার কেজি কাঁচা তরিতরকারি বিক্রি করতে না পেরে সন্ধ্যার পরে তহবাজারের ব্যবসায়ি ও কয়েকশ’ কৃষক রাস্তায় নেমে আসে। এসময় তারা মালিক-শ্রমিকদের বিপক্ষে অবস্থান নিয়ে অবৈধ হরতাল মানিনা, মানবোনা বলে শ্লোগান দেয়। মেহেরপুর পৌরসভার সামনে তারা টায়ার জ্বালিয়ে ও পাওয়ার টিলার দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বড় বাজার এলাকার সব ধরনের দোকান-পাট বন্ধ হয়ে যায়। এদিকে চাষিরা অবিক্রিত ঝাল রড়বাজার এলাকার রাস্থায় ছিটিয়েও প্রতিবাদ করেছে।