মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭মার্চ:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালী ,শিশু সমাবেশ, রক্তদান কর্মসুচীসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে সরকারী ভাবে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস।
আজ ১৭ মার্চ রোববার সকাল ৮টার সময় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে মেহেরপুর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যেয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। তারপর একে একে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের পক্ষে কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
এরপর সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশকার আলী প্রমুখ। সমাবেশ শেষে সেখানে রক্তদান কর্মসূচী পালিত হয়।
এছাড়া বাদ যোহর জেলার প্রতিটি মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিবস,মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।