মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ এপ্রিল:
২৫ এপ্রিল বৃহস্পতিবার মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের শূন্য আসনের উপনির্বাচন। ৩ এপ্রিল নির্বাচনী তফশীল ঘোষনা করেছে সদর উপজেলা নির্বাচন অফিস।
তফশীল অনুযায়ী, আজ বৃহস্পতিবার ৪ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ জমাদানের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে ১৫ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল।
উপজেলা নির্বাচন অফিস জানায়,মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে ৭টি বুথে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৭ টি বুথের মধ্যে পুরুষ ভোটাররা ৩টি এবং মহিলারা ৪ টি বুথে ভোট দেবে।
নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার। সহকারি রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোতা ওয়াকিল রহমান।
উপনির্বাচনে ২ হাজার ৫’শ ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে ১ হাজার ৩’শ ১৮ জন পুরুষ এবং ১ হাজার ২’শ ৫০ জন মহিলা ভোটার রয়েছে।
মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং কর্মকর্তা মোতা ওয়াকিল রহমান জানান,উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ। তফশীল ঘোষনা করা হয়েছে। ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছে। জনসংযোগে অংশ নেওয়া প্রার্থীর তালিকায় রয়েছেন,নিহত কাউন্সিলর বিপুলের মাতা শাহিদা বেগম পান্না,জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল,শহর যুবদলের সাবেক সহসভাপতি ও বর্তমান পৌর বিএনপি নেতা আব্দুস ছাত্তার মুক্তা,রিংকু এবং সৈয়দ মঞ্জুরুল কবির রিপন। প্রার্থীরা ভোটারদের দোয়ারে দোয়ারে সশীরে উপস্থিত হয়ে ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য,চলতি বছরের ২৮ জানুয়ারী সন্ত্রাসীদের গুলিতে মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুল নিহত হওয়ায় মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডশূন্য হয়।
