ফলোআপ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ এপ্রিল:
বেআইনী চরমপন্থি সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক নেতা জামসেদ আলী ওরফে জান্টু (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব । সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গাংনী র্যাব ক্যাম্পের একটি টিম তাকে এ উপজেলার আমতৈল বাজার থেকে গ্রেফতার করে । এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ রিভলবার একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি । জান্টুর বিরুদ্ধে গাংনী থানায় ২ টি ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার থানায় একটি হত্যা মামলাসহ ডজন খানেক অভিযোগ রয়েছে । সন্ত্রাসী জামসেদ আলী ওরফে জান্টু গাংনীর কেশবনগর গ্রামের মৃত খোদাবক্স মন্ডলের ছেলে।
এদিকে জান্টু গ্রেফতারের ঘটনায় সন্ত্রাসীরা আমতৈল গ্রামে পর পর ৩ টি বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে ও ৭টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি কাজী আক্তার হোসেন জানান, বেআইনী চরমপন্থি সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক নেতা হিসেবে কাজ করতো জান্টু । তার বিরুদ্ধে গাংনী ও আলমডাঙ্গা থানায় ৩ টি হত্যা মামলাসহ চাঁদাবাজী ও লুটপাটের অভিযোগ রয়েছে । সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে জান্টু ও তার সঙ্গী ঝন্টুসহ কয়েকজন আমতৈল বাজারের পাশে বসে তাস খেলা করছিল। এসময় র্যাবের একটি টীম সেখান দিয়ে যাবার সময় তারা পলিয়ে যাবার চেষ্টা করলে র্যাব সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ঝন্টু পালিয়ে গেলেও আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ে জান্টু। তাকে রাতেই জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। জান্টুু নির্দোষ দাবী করে এলাকার লোকজন র্যাব ক্যাম্পের সামনে এসে র্যাবের সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়। অনেকেই বলেছেন, জান্টু আগে চরমপন্থি জগতের সাথে জড়িত থাকলেও বর্তমানে সে ¯^াভাবিক জিবন যাপন করছে। সে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।
একটি সুত্র জানায়, জান্টু এলাকায় জান্টু নামে পরিচিত হলেও চরমপন্তি জগতে তার নাম কবির কসাই। বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা ও অপহরণ করার সময় সে এ নাম ব্যবহার করতো। বিগত আওয়ামীলীগ সরকারের সময় সে আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করলেও পরে জেল থেকে বেরিয়ে এসে আবারো চরমপন্থি জগতে জড়িয়ে পড়ে। বর্তমানে একটি রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে সে নানা অপকর্ম করে আসছিল।
এদিকে জান্টু গ্রেফতারের ঘটনায় সন্ত্রাসীরা আমতৈল গ্রামে পর পর ৩ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে ৭টি বাড়ি ভাংচুর করে ও লুটপাট চালায়।
গ্রামের বাসিন্দা ও ষোলটাকা ইউপি চেয়ারম্যান ছাবদাল হোসেন কালু জানান, সন্ত্রাসী জান্টু গ্রেফতারের ঘটনায় পালিয়ে যাওয়া ঝন্টু ও অন্যান্য সন্ত্রাসীরা গ্রামে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। সন্ত্রাসীরা আমতৈল গ্রামের র্য়াহান আলীর ছেলে সাদ আহম্মদ, আমির শাহ, ইসলাম আলী, কালাম, আকতার, মহসিন ও মজিদ আলীর বাড়ি ঘর ভাংচুর করে ও লুটপাট চালায়। এ ব্যাপারে মেহেরপুর আদালতে মামলা করেছেন ভুক্তভোগি পরিবার।
এদিকে এ বোমাবাজি, হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা জানেন না বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আলমগীর হোসেন। তিনি জানান, লুটপাটের ঘটনায় এখনও কেউ জানায় নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হবে।