মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর নতুনপাড়া গ্রামে আন্ত:জেলা ডাকাত দলের প্রধান জিয়াউর রহমান জিয়া গণপিটুনিতে নিহত হয়েছে । ডাকাতদের নিক্ষিপ্ত বোমায় আহত হয় গৃহকর্তা ফিরাতুল।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে জিয়াকে গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে
ধরে পুলিশের সামনেই গণ পিটুনি দেয় গ্রামবাসী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ ময়নাতদন্ত শেষে আজ বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি বলেন,নিহত জিয়া আন্ত:জেলা ডাকাত দলের নেতা। তার বাড়ি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে। সে ডাকাতি করতে গিয়ে থরা পড়ে গণপিটুনিতে নিহত হয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর ও মুজিবনগর থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়,শুক্রবার ফযরের নামাজের আগ মূহূর্তে চকশ্যামনগর নতুন পাড়া গ্রামের ফিরাতুল নামক এক ব্যক্তির বাড়িতে নিহত জিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এসময় বাড়ির লোকজন বাঁচার জন্য চিৎকার শুরু করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিক ফিরাতুলকে লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছুঁড়ে মারে। বিস্ফোরিত বোমায় ফিরাতুল আহত হয়। বোমার শব্দ শুনে গ্রামবাসীরা এগিয়ে আসে এবং প্রতিরোধ গড়ে তুলে।গ্রামবাসীর তাড়া খেয়ে সব ডাকাত পালিয়ে গেলেও ডাকাত দলের নেতা জিয়া পার্শ্ববর্তী গলাবেড়ি মাঠের একটি কলাবাগানে লুকিয়ে থাকে। সন্দ্ধান পেয়ে গ্রামবাসীরা কলাবাগান থেকে ধরে এনে গণপিটুনি শুরু করে। মেহেরপুর সদর থানা পুলিশ মূমূর্ষ অবস্থায় মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।