মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলা বাজারে বিজয়ী মকবুল হোসেনের সমর্থকরা বিজয়ী উল্লাস করার সময় কে বা কারা তাদের লক্ষ্যে করে কয়েকটি ঢিল ছুড়ে মারার ঘটনায় সেখানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকটি দোকানের সার্টার ভাংচুর করে এব ইটপাটকেল ছুড়ে মারে বিক্ষুব্ধরা। ইটের আঘাতে খালেক সমর্থিত হাফিজুর রহমানের ছেলে সাব্বির(১৮) ও এক রিক্সা চালকসহ বেশ কয়েকজন আহত হয়। তবে আহতদের সকলের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে মকবুল সমর্থক বেশ কয়েকজনকে আটকে রাখেলেও এখন পর্যন্ত তাদের আটক দেখানো হয়নি। ধারণা করা হচ্ছে,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিচার করা হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে র্যাব সহ যৌথবাহিনীর সদস্যরা। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ,র্যাব এবং বিজিবি’ মোতায়েন করা হয়েছে।
আমাদের গাংনী প্রতিনিধি ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানান,র্যাব ও বিজিবি সদস্যরা বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ও পৌর মেয়র আহম্মদ আলীকে গাড়ি করে উঠিয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের কক্ষে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে তাদের আটক করা হয়েছে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়াও মকবুল হোসেনের উত্তেজিত সমর্থকরা পরাজিত নৌকা প্রার্থী এম এ খালেকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির জানালার কাঁচ,বাড়ির নিচে অবস্থিত নির্বাচনী অফিস সহ অফিসে থাকা ৪ টি মোটরসাইকেল ভাংচুর করে। খালেকের কর্মীরা অভিযোগ করেন, শুধু ভাংচুর করেই ক্ষান্ত হয়নি,মকবুল হোসেনের লোকজনেরা লুট করে নিয়ে গেছে ১টি মোটরসাইকেল ও ৫ টি বাইসাইকেল।
মেহেরপুর-০২ আসনে পরাজিত নৌকা প্রার্থী এম এ খালেক অভিযোগ করেন,পূর্ব থেকে পুলিশকে জানানো হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। বরঞ্চ বাড়ি ভাংচুরের আধাঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌছে।
জানা গেছে, আজ সোমবার সকাল থেকে গাংনী বাজারের শহীদ রেজাউল চত্বরে বিজয়ী মকবুল হোসেনের সমর্থকরা সেখানে এক সমাবেশ করে। এ সময় তারা এম এ খালেককে উদ্যেশ্যে করে বিভিন্ন বক্তব্য দিতে থাকে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে সমাবেশ লক্ষ্যে করে কে বা বা কয়েকটি ঢিল মারে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়া ঘটনা ঘটে। এত বেশ কয়েকটি দোকানের সার্টার ভাংচুর হয় এবং রিক্সা চালকসহ কয়েকজন আহত হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ জানান,পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশসহ র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।