আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারি:
টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করেই শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস অপহরণের ঘটনাটি ঘটেছে বলে প্রেস বিফ্রিং-এ সাংবাদিকদের জানান মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম। তিনি বলেন,মামলার এজাহারে টাকা লেনদেনের বিষয়টি উল্লেখ রয়েছে।
আজ রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর সদর থানায় মেহেরপুরের মনোহরপুর গ্রাম থেকে আটক অপহরক রায়হান ও অপহরনের ঘটনা সাংবাদিকদের অবহিত করতে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
প্রেস বিফ্রিং-এ ওসি রিয়াজুল ইসলাম জানান,ঘটনার দিন ২ ডিসেম্বর অপহরক রায়হান ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের গুলবাগের বাসায় যায় । বাসায় ঢুকে সে জাহাঙ্গীর আলমের স্ত্রী ফিরোজা আক্তার ও ১০ বছর বয়সি ছেলে জাফরকে বেধড়ক মারপিটের পর বাথরুমে আটকিয়ে রেখে ১ বছরের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে অপহরন নিয়ে আসে। অপহরনের পর ৭ লাখ টাকা মুক্তিপনও দাবী করে অপহরক রায়হান।
তিনি বলেন,শিশুটির বাবা ঘটনার পরদিন বাদী হয়ে শাহজাহানপুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনের ৭/৩ ধারায় মামলা করে। যার মামলা নং-০১,তারিখ ০৩-০১-১৪। পরে শাজাহানপুর পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে অপহরক রায়হানের অবস্থান নিশ্চিত হয়ে মেহেরপুর ডিবি পুলিশকে জানায়।
ওসি রিয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান,অপহরকের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সুপারের নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের দল মনোহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসর আলী’র ছেলে অপহরক রায়হানকে আটক করাসহ অপহৃত শিশু জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
তিনি জানান,উদ্ধার করা শিশুটিকে আজ রাতেই তার বাবা-মার হেফাজতে দিয়ে দেওয়া হবে এবং আটক রায়হানকে শাজাহানপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।