মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারী:
রাজধানী ঢাকার গুলবাগ থেকে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের অপহৃত ১ বছর বয়সি শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে অপহরনের ঘটনায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত শিশুটিকে মায়ের জিম্মায় এবং আটক অপহরক রায়হানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
আজ বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহিবুল ইসলাম এ রায় দেন। আদালতে শুনানী চলাকালে কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মিয়াজান আলী।
উল্লেখ্য, গত ২ জানুয়ারী আদম ব্যবসায়ী জাহাঙ্গির আলমের রাজধানীর গুলবাগস্থ বাসায় প্রবেশ করে তার স্ত্রী আফরোজা আক্তার এবং ১০ বছর বয়সী ছেলে জাফরকে মারপিট করে বাথরুমে আটকিয়ে রেখে ১ বছর বয়সী শিশু কণ্যা জান্নাতুল ফেরদৌসকে অপহরন করে মেহেরপুরে নিয়ে আসে । এ ঘটনায় জাহাঙ্গীর আলম ঢাকার শাহজানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মোবাইল ট্রাকিং’র মাধ্যমে অপহরক রায়হানের অবস্থান নিশ্চিত করে মেহেরপুর গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করে । এসময় মেহেরপুর পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশের একটি দল বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের আছর আলীর বাড়িতে অভিযান চালিয়ে শিশু উদ্ধার এবং রায়হানকে আটক করে।