এক্সক্লুসিভ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি:
মেহেরপুর পৌর প্যানেল মেয়র ও শহর যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান রিপন হত্যা মামলায় চার্জশীটের বিরুদ্ধে বাদির নারাজী পিটিশন খারিজ করে দিয়েছে আদালত এবং সেই সাথে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। আজ সোমবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মহিবুল হাসান এ আদেশ দেন।
জানা গেছে, ২০১১ সালের ১ এপ্রিল রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় সন্ত্রাসীদের বোমা হামলায় প্যানেল মেয়র ও শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন মারাত্মক আহতে হলে তাকে ঢাকায় রেফার্ড করার পর ৮ এপ্রিল সে মারা যায়। ওই ঘটনায় রিপনের পিতা বাদি হয়ে পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বিপুল(পরে নিহত), মাসুদ, লাল্টু,রাশেদুল ও আব্দুল হালিমকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিভিন্ন হাতবদল শেষে মামলার তদন্ত ভার দেয়া হয় সিআইডি’র উপর । সিআইডি’র এস আই মাহফুজুর রহমান মামলার তদন্ত শেষে পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের নাম বাদ দিয়ে ২০১২ সালের ২০ মার্চ তারিখে আদালতে চার্জশীট দাখিল করেন। চার্জশীটে পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বিপুল (পরে সন্ত্রাসীদের গুলিতে নিহত), মাসুদ, লাল্টু, রাশেদুল ও আব্দুল হালিমকে আসামী করা হয়। পরে মামলার বাদি রিপনের পিতা আব্দুল হালিম ওই চার্জশীটের বিরুদ্ধে ২০১২ সালের ৯ এপ্রিল না রাজি পিটিশন দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত আজ সোমবার দুপরে নারাজী পিটিশন খারিজ করে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়েদেন।