মেহেরপুর নিউজ,১১ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে একটি এলজি শাটার গান, এক রাউন্ড গুলি ও ১১টি সিমসহ মেহেদী হাসান কালু (২১) নামের এক সন্ত্রাসী আটক করেছে পুলিশ। মেহেদী হাসান কালু আন্ত:জেলা ডাকাত দলের অন্যতম সদস্য । সে উপজেলার আশরাফপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব এস আই রফিকুল ইসলামসহ পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে সদর উপজেলার আশরাফপুর গ্রামে মেহেদী হাসান কালুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে বিছানার তোষকের নিচে থেকে একটি এলজি শাটার গান, এক রাউন্ড গুলি ও ১১টি বাংলালিংক মোবাইল কোম্পানির সিম উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, আটক মেহেদী হাসান কালু আন্ত:জেলা ডাকাত দলের অন্যতম সদস্য। দির্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কাজের সাথে জড়িত। তিনি আরো বলেন, কিছুদিন আগে একই গ্রামের একটি ইটভাটা থেকে ডাকাত দলের প্রস্তুতি কালে বিপুল পরিমান অস্ত্র, গুলি, কাতুর্জ উদ্ধার করা হয়। সেই প্রস্তুতি মিটিংয়ে সে উপস্থিত ছিলোা বলে স্বীকার করেছে। বুধবার কালুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।