মেহেরপুর নিউজ,০৫ সেপ্টেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে হাসমত আরা খাতুন(৩০) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। গৃহবধুর পিতার পরিবারের অভিযোগ তাকে নির্যাতন শেষে রশিতে টাঙিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে তার শ্বশুর বাড়ির লোকজন । অন্যদিকে তার শ্বশুর বাড়ির লোকজনের দাবি সে আত্মহত্যা করেছে।
এধরণের পাল্টাপাল্টি অভিযোগের কারণে মুজিবগর থানা পুলিশ বিকালে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এস আই মতিউর রহমান বলেন, আত্মহত্যা বা হত্যা যাই হোক না কেন গলায় রশির দাগ রয়েছে তবে শরিরের কোথাও নির্যাতনের চিহৃ নেই। তবে যেহেতু অভিযোগ উঠেছে সেই হিসেবে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। তারপরেই হত্যা না ইউডি মামলা হবে সে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, সোমবার সকালের দিকে ইসমত আরার শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়া হয়। এর জের ধরে দুপুর ১২ টার দিকে প্রতিবেশীরা ঘরে ইসমত আরার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মুজিবনগর থানায় নেয়।
দারিয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য গৌরিনগর গ্রামের আব্দুল হান্নান গুটলি বলেন, প্রায় ১২/১৩ বছর আগে দারিয়াপুর গ্রামের আব্দুল মজিদের সাথে গৌরিনগর গ্রামের এরশাদ আলীর মেয়ে হাসমত আরার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। যে বর্তমানে দারিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে লেখপড়া করছে। তিনি আরো বলেন, শুনেছি শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার মাঝে মধ্যে গন্ডগোল হত।
তবে দারিয়াপুর গ্রামের ইউপি সদস্য মঈনুদ্দিন বলেন, আব্দুস সামাদের পরিবারে গন্ডগোলের কোনো খবর পাওয়া যায়নি। তবে সংসারে চলতে ফিরতে একটু ভুলবোঝাবুঝি হতে পারে। সেই অভিমানেই হয়ত মেয়েটি আত্মহত্যা করেছে।
তবে আসল রহস্য জানতে হলে আগামী কাল লাশের ময়নাতদন্ত করা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সকলকে।