মেহেরপুর নিউজ, ২৯ আগষ্ট:
মেহেরপুরে গাংনীতে কুষক নুরুল হুদা হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের করিম বক্সের ছেলে মো: বাবলু, মৃত পাঁচু মন্ডলের ছেলে মোজাম্মেল হক, মৃত আছের আলীর ছেলে আইউব আলী। মামলায় বাকি ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মনিরুল ইসলাম, ওয়াজেদ আলী, আজিজুল হক, শরিয়ত হোসেন, মুকুল হোসেন, আতিয়ার রহমান, সোহরাব হোসেনও একই উপজেলার মানিকদহ গ্রামের সাজেদুল ইসলাম।
আদেশ পড়ার সময় আদালতে মামলার ১০ আসামি হাজির থাকলেও যাবজ্জীবন প্রাপ্ত আসামি মো: বাবলু পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৩ জুন সন্ধ্যার দিকে গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের কৃষক নুরুল হুদা পাশের তালতলা গ্রামের মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পুর্ব বিরোধের জের ধরে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা ধাঁরালো অস্ত্র দিয়ে নুরুল হুদার উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন নুরুল হুদার ভাতিজা মো: আলম বাদি হয়ে ওই ১১ জনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০১০ সালের ১৬ সেপ্টে¤^র আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথি পর্যবেক্ষন করে মঙ্গলবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা তিন জনের যাবজ্জীবন ও বাকি আসামিদের বেকুসর খালাস দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে শহিদুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।