তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
গাংনী পৌরসভায় স্থায়ী চাকুরী না পেয়ে ১৫ লক্ষ টাকা ফেরতের দাবীতে শহীদ মিনারে অনশন শুরু করেছে মৌমিতা পলি নামের এক গৃহবধু। গৃহবধু পলি শিশিরপাড়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে ও মমিনের স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে চাকুরী না পেয়ে পৌরমেয়র আশরাফুল ইসলামের নিকট টাকা ফেরত না পেয়ে অবশেষে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারে অনশন শুরু করেন।
গৃহবধু পলি জানান, প্রায় তিন বছর যাবৎ গাংনী পৌরসভায় সহকারী কর আদায়কারী হিসেবে অস্থায়ীভাবে চাকুরী করেছি। তবে পৌর মেয়র আশরাফুল ইসলাম আমাকে স্থায়ীভাবে চাকুরী শর্তে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। উক্ত পদে চুড়ান্ত নিয়োগের জন্য ১৯/০৫/২০১৮ ইং তারিখে তৎকালীন সময়ে ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দিনের স্বাক্ষরিত একটি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র পাই। তবে উক্ত পদে আমাকে নিয়োগ না দিয়ে মেহেরপুরের একটি মেয়েকে ওই পদে চাকুরীতে নিয়োগ দেন। এরপর থেকে আমি আমার চাকুরীর জন্য জমাকৃত ১৫ লক্ষ টাকা ফেরত চাইলে মেয়র আশরাফুল ইসলাম বিভিন্নভাবে আমাকে হয়রানী ও অকথ্য ভাষায় গালাগালি করেন।
তবে তিনি এ বিষয়টি কোন দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পলি জানান, জানানো হয়নি তবে আজকে জানানো হবে।
এ বিষয়ে পৌর মেয়র আশরাফুল ইসলাম জানান, আমি মৌমিতা খাতুন পলিকে চাকুরী দেওয়া বলে কোন টাকা গ্রহণ করিনি। তবে সে অস্থায়ীভাবে সহকারী কর আদায় কারী হিসেবে কিছুদিন পৌর সভায় কাজ করেছিল। তবে পৌরসভার কাছে তার কোন দায়-দেনা পাওনা নাই।
তিনি আরো বলেন, পলি যে টাকার বিষয়ে বলতে চাচ্ছে সেটা হলো তার স্বামী মোমিন শিশিরপাড়া গ্রামে আমার দেড় বিঘা জমি কেনার জন্য আমাকে প্রায় ৬ লক্ষ টাকা দিয়েছিল। সে জমি পলি’র পিতা বর্তমানে চাষাবাদ করছে। পলি আমাকে জানায়, জমি তারা কিনবে না তবে টাকা যেন তার হাতে ফেরত দেওয়া হয়।
মেয়র আশরাফুল ইসলাম বলেন, আমি টাকা নিয়েছি তোমার স্বামী মোমিনের নিকট থেকে তাই তোমার হাতে টাকা ফেরত দেওয়া যাবে না। এ জন্যই পলি আমার মান ক্ষুন্ন করার জন্য চেষ্টা করছে।