মেহেরপুর নিউজ:
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মোঃ সাজু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাজু মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে মেহেরপুর শহরের মাঠপাড়ার পিয়ারুল ইসলামের মেয়ে ডলি খাতুনের সঙ্গে সাজুর বিয়ে হয়। বিয়ের সময় সাজু ৫০ হাজার টাকা যৌতুক নেন। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করেন তিনি।
যৌতুকের টাকা দিতে না পারায় ২০১২ সালের ২৭ নভেম্বর সাজু তার শ্বশুরবাড়িতে গিয়ে ভুজালি দিয়ে ডলির পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় ডলির মা শেফালী খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(খ)/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৭, নারী ও শিশু মামলা নং-১৮০/২০১৩)।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণে সাজু দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল আলম।
রায়ে উল্লেখ করা হয়, সাজুকে গ্রেপ্তারের দিন থেকেই তার দণ্ড কার্যকর হবে।