গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে স্বামীকে দ্বিতীয় বিয়েতে বাঁধা দেয়ায় স্ত্রী (২ সন্তানের জননী) বিলকিস পারভীন (৩৫)কে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করেছে পাষন্ড স্বামী। সন্তানের সামনে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে অমানষিক নির্যাতন করেছেন স্বামী রবিউল ইসলাম । নারী নির্যাতনের ঘটনাটি ঘটেছে গত রবিবার ভোররাতে ছাতিয়ান গ্রামে।
স্থানীয়রা সোমবার সকালে দিকে রক্তাক্ত এবং মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেছে। নারীনেত্রী রোকসানা খাতুন জানান, রবিউল ইসলাম প্রায় ১৮ বছর আগে ২ লাখ টাকারও বেশী টাকা যৌতুকের বিনিময়ে উপজেলার শালদহ গ্রামে বিয়ে করেন।
বিবাহিত জীবনে বিলকিস পারভীন ২ সন্তানের জননী। বড় মেয়ে মুনিয়া খাতুন ১০ম শ্রেণির ছাত্রী ও ছোট ছেলে ওমর ফারুক ৫ম শ্রেণির ছাত্র।রবিউল ইসলাম সংসারে কাজ কর্ম না করে মাঝে মধ্যে নিরুদ্দেশ হয়ে যায়। এনিয়ে স্ত্রীর সাথে প্রায়শঃ মনোমালিন্য হয়। সম্প্রতি রবিউল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রাম থেকে ২য় বিয়ে করে ঘরে নিয়ে আসে। অভাবের সংসারে মাত্র ২টি রুম বিশিষ্ট কুড়ে ঘরে ছেলে মেয়ে নিয়ে মানবেতর বসবাস। ঐ ঘরেই ২য় স্ত্রীকে নিয়ে উঠলে সংসারে অশান্তি লেগে যায়। ২ সতীনের সংসারে মন কষাকষি শুরু হয়। শুরু হয় অশান্তি-অত্যাচার। এনিয়ে রবিউল ২য় স্ত্রীর ষড়যন্ত্রে ১ম স্ত্রীকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। সারা শরীরে কালশিরার দাগ লক্ষ্য করা গেছে। অসহায় বিলকিস পারভীন এখন কোথায় যাবে! কোথায় তার ঠিকানা।
অন্যদিকে প্রাণনাশের হুমকি দিয়ে বীরদর্পে ঘোরাঘুরি করছে রবিউল । এ ব্যাপারে গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন জানায়, বিলকিস পারভীন খাতুন মহিলা বিষয়ক অফিসের বিউটিশিয়ান ট্রেডে প্রশিক্ষার্থী হিসাবে কর্মরত। মেয়েটি খুবই ভাল। মেয়ে এবং ছেলেটাকে মানুষ করা এবং সংসারে কিছুটা স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে নিরলস সংগ্রাম করে যাচ্ছে। মেয়েটিকে অমানষিক নির্যাতন করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আমরা এই অন্যায়ের বিচার চাই । ট্রেড প্রশিক্ষক নার্গিস সুলতানা এ ব্যাপারে মামলা করা করেছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।