মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের শেখপাড়ায় খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কালু ও তার কথিত প্রেমিকা বন্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশীয় তৈরি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে শেখপাড়ার একটি বাগান থেকে কালুকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে গাংনী উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে বন্যাকে আটক করা হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই আবুল খায়েরসহ পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় নিহত গোলাম হোসেনের স্ত্রী আলিয়া খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং-৯)। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শেখপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গোলাম হোসেন (৩৫) পেশায় রিকশাচালক এবং একই এলাকার রিয়াসিন আলীর ছেলে। অভিযুক্ত কালু তার খালাতো ভাই এবং আকবর আলীর ছেলে।
ঘটনার দুই দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার স্বামী বাড়িতে এসে গোসল করছিলেন। এ সময় কালু পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত গোলাম হোসেনের স্ত্রী আলিয়া খাতুন ও দুই মেয়ে—গোলাপি ও ফাতেমা রয়েছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত কালুর সঙ্গে প্রতিবেশী রাজুর স্ত্রী বন্যার পরকীয়ার সম্পর্ক ছিল। গত রবিবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পরপরই কালু ও বন্যা আত্মগোপনে চলে যায়।