এস এম মেহেরাব হোসেন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে মুজিববর্ষের শুরু থেকে তারিন নামের এক তরুণী এঁকেছেন বঙ্গবন্ধুর শত ছবি।
২৪ বছর বয়সী এই তরুণী মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুকে ভালোবেসে প্রথমে রং তুলি দিয়ে এবং পরে সুই সুতা দিয়ে এঁকেছেন জাতির পিতার নানা আঙ্গিকের এসব ছবি। এছাড়াও তিনি লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামেরও বিভিন্ন আঙ্গিকের ছবি এঁকেছেন বলে জানা গেছে। তারিন সুলতানা গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মশিউর রহমানের মেয়ে। সে মেহেরপুর গাংনী সরকারি ডিগ্রী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী।
মেহেরপুরের মানুষ তাকে চারু তারিন নামেই বেশি চেনে। তারিন সুলতানা ওরফে চারু তারিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর গৌরবজ্জল চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই আমার এই প্রচেষ্ঠা। তিনি বলেন, বঙ্গবন্ধুর ১হাজার ছবি প্রদর্শনী করার ইচ্ছে আছে আমার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন বাংলাদেশের। আর সেই স্বপ্ন পূরণ করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমার ইচ্ছে প্রদর্শনী উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে। জানা গেছে, বঙ্গবন্ধুকে ভালোবেসে মুজিব বর্ষের শুরু থেকে তিনি ছবি আঁকা শুরু করেন। প্রথম অবস্থায় রং তুলি দিয়ে আঁকলেও এখন আঁকছেন সুই সুতা দিয়ে। বঙ্গবন্ধুর এই ছবিগুলো বিতরণ করবেন মুজিবপ্রেমীদের মাঝে। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী, খুলনা বিভাগীয় কমিশনার, ডিআইজি খুলনা, মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ শতাধিক মুজিব প্রেমির হাতে মুজিববর্ষের উপহার হিসেবে তুলে দিয়েছেন তার আঁকা বঙ্গবন্ধুর নানা আঙ্গিকের ছবি।
তাঁর আঁকা বঙ্গবন্ধুর ছবি এপার বাংলা-ওপার বাংলায় বিনামূল্যে ৭৫ টি বইয়ের প্রচ্ছদ হিসেবেও ছাপা হয়েছে। অল্প বয়সে ছবি এঁকে তারিনের পুরস্কার ও স্বীকৃতির ঝুড়িও বেশ ভারী। ইতিমধ্যে চিত্রশিল্পী হিসেবে এস এম সুলতান পুরস্কার, চিত্রশিল্পী জয়নুল আবেদীন পুরস্কার, কামরুল হাসান স্মৃতি পুরস্কার পেয়েছেন এই তরুণী।
তারিনের মা জাহানারা বেগম বলেন, মেয়ে নানা প্রতিভার অধিকারী হলেও সে বঙ্গবন্ধুর ছবি আঁকতে সবচেয়ে বেশি ভালোবাসে। বঙ্গবন্ধুর জীবনাদর্শ তার কাছে সেরা। আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। বঙ্গবন্ধুর প্রতি তারিনের এই ভালোবাসার বিরল দৃষ্টান্তের বেশ প্রশংসা করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান। এছাড়াও তারিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। সেই সাথে স্বপ্ন বাস্তবায়ন করতে জেলা প্রশাসন সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।