মেহেরপুর নিউজ:
কাঠফাটা রোদ্দুর আর তপ্ত বাতাসে বৈশাখ যেমন রুদ্রমূর্তি ধারণ করেছে, তেমনি পুষ্প-পল্লবে প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সৌন্দর্যে। গ্রামবাংলার আনাচকানাচে এখন রংবেরঙের ফুলের সমারোহ। নাগরিক কোলাহল আর যান্ত্রিক জীবনের মধ্যেও কিছু ফুল প্রকৃতিকে এমনভাবে রাঙিয়ে তুলেছে, যা পথচারীদের মনে এনে দিচ্ছে প্রশান্তি। তেমনই এক নজরকাড়া ফুল সোনালু। তার সোনালি আভায় এখন মোহময় হয়ে উঠেছে মেহেরপুরের বিভিন্ন সড়ক।
মেহেরপুর-মুজিবনগর ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দুই পাশজুড়ে এখন সোনালুর ছড়াছড়ি। পিচঢালা সড়কের সমান্তরালে যেন বয়ে চলেছে হলুদের অবিরাম স্রোত। মেহেরপুর-মুজিবনগর সড়কের মোনাখালী ও পুরন্তপুর এলাকা, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পুলিশ লাইন এলাকা, গাংনী ও চ্যাংড়া সড়কের পাশে ফুটে থাকা সোনালু ফুল দূর থেকে দেখলে মনে হয়, কেউ যেন সযত্নে বিছিয়ে রেখেছে হলুদ গালিচা। সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের যেন স্বাগত জানাচ্ছে এই ফুল।
সোনালু গাছের ডালজুড়ে ঝুমকোর মতো ঝুলে থাকা ফুলগুলো বাতাসে দোল খেয়ে গ্রীষ্মের জয়গান শোনায়। কোথাও কোথাও ফুলের থোকা এতটাই নিচে নেমে এসেছে যে, তা সহজেই পথচারীদের দৃষ্টি কাড়ে। রোদঝলমল দুপুর কিংবা বিকেলের কোমল আলোয় ফুলগুলো এমনভাবে দীপ্তি ছড়ায় যে চলন্ত গাড়ির জানালা দিয়েও চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে।
সড়কের পাশে সোনালুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেককে গাড়ি থামিয়ে ছবি তুলতে দেখা যায়। ব্যস্ত সড়কের ধুলোবালি আর ধোঁয়ার মধ্যেও এই ফুল যেন পথচলতি মানুষের চোখে এনে দেয় প্রশান্তির ছোঁয়া।
উদ্ভিদবিজ্ঞানীদের মতে, সোনালুর ইংরেজি নাম Golden Shower Tree এবং বৈজ্ঞানিক নাম Cassia Fistula। মেহেরপুর অঞ্চলে এর ফল ‘বাঁদরলাঠি’ নামে পরিচিত। শুধু সৌন্দর্য নয়, ঔষধি গুণেও সমৃদ্ধ এই বৃক্ষ। বাত, বমি ও রক্তস্রাব প্রতিরোধে সোনালুর ফল কার্যকর বলে জানা যায়।
সোনালু মূলত গ্রীষ্মকালীন বৃক্ষ। বসন্তে পাতা ঝরিয়ে রিক্ত হওয়ার পর বৈশাখে নতুন পাতার সঙ্গে উজ্জ্বল হলুদ ফুলে ভরে ওঠে গাছ। বাংলাদেশের স্থায়ী এই বৃক্ষের আদি নিবাস পূর্ব এশিয়ায়। পত্রশূন্য ডালে ঝুলন্ত ফুলের যে অনন্য সৌন্দর্য, তা খুব কম ফুলেই দেখা যায়।
মাঝারি আকৃতির এ গাছ সাধারণত ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত উঁচু হয়। পাঁচ পাপড়ির ফুলে থাকে ১০টি পুংকেশর ও দীর্ঘ মঞ্জুরি দণ্ড। প্রকৃতির শোভাবর্ধনে সোনালুর জুড়ি নেই। একসময় গ্রামবাংলায় প্রচুর দেখা গেলেও বর্তমানে তা অনেকটাই কমে গেছে। তবে সাম্প্রতিক সময়ে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে শহর ও সড়কের পাশে আবারও লাগানো হচ্ছে এই নয়নাভিরাম বৃক্ষ।