মেহেরপুর নিউজঃ
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
বিদ্যালয়ে পৌঁছালে স্কাউট ও গার্ল গাইড সদস্যরা বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে স্কাউট ও গার্ল গাইড সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করে।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের স্কাউট, গার্ল গাইডস, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল ও বাস্কেটবল দলের খেলোয়াড়দের সঙ্গে পৃথকভাবে পরিচিত হন। এরপর তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
পরে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন।
বক্তব্যে তিনি বিদ্যালয়ের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, শিক্ষার্থী রজনী আক্তার রিম্পা ও সুবর্ণা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির সুমন ও মাহি।
এর আগে বিভাগীয় কমিশনারের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।