মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে খুলনার সাবেক পুলিশ সুপার (এসপি) তাজুল ইসলামের নাম ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দিবাগত রাতে মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নুর ইসলামের ছেলে। এর আগে একই চক্রের সদস্য আবিরকে শহরের মহিলা কলেজ এলাকা থেকে আটক করে পুলিশ। বর্তমানে আবির দুই দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জিহাদের ভাই বিপুল দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। পুলিশের তদন্তে উঠে এসেছে, তিনি বিদেশে থেকেই মেহেরপুরে অবস্থানরত কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি চক্র পরিচালনা করতেন।
সম্প্রতি প্রতারণার নতুন কৌশল হিসেবে খুলনার সাবেক এসপি তাজুল ইসলামের নাম ও পরিচয় ব্যবহার করে মেহেরপুরের কয়েকজনের কাছে হোয়াটসঅ্যাপে মোটা অঙ্কের চাঁদা দাবি করে চক্রটি।
পুলিশ জানায়, স্থানীয়ভাবে সিম সংগ্রহের জন্য আবির ও সুজন নামে দুই যুবককে কাজে লাগানো হয়। একপর্যায়ে সুজন এক সিম বিক্রেতার কাছ থেকে কৌশলে ১৮টি সচল সিম সংগ্রহ করে জিহাদের কাছে হস্তান্তর করেন। এসব সিমের একটি নম্বর ব্যবহার করে খুলনার সাবেক এসপির পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হচ্ছিল।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বরটির অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। পরে বিশেষ অভিযান চালিয়ে জিহাদ ও আবিরকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পার্সন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণায় ব্যবহৃত সিমের সূত্র ধরে চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, জিহাদকে গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্য জেলার এক পুলিশ সুপারের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পলাতক অপর সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।