মেহেরপুর নিউজঃ
ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে এবং মেহেরপুর এমকেএসপির সহযোগিতায় অনুষ্ঠিত স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মার্জ গ্রুপ।
রবিবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মার্জ গ্রুপ ৮৪ রানের বিশাল ব্যবধানে অ্যাক্টিভকে পরাজিত করে শিরোপা জয় করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মার্জ গ্রুপ নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে তোলে। দলের পক্ষে রাসেল ৭৩ ও ওয়াহেদ ৪৫ রান করেন। অ্যাক্টিভের হয়ে সেন্টু ২টি এবং রনি ১টি উইকেট শিকার করেন।
১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মার্জ গ্রুপের বোলার লিটনের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে অ্যাক্টিভ। নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা মাত্র ৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সেন্টু সর্বোচ্চ ২৭ রান করেন।
মার্জ গ্রুপের লিটন ৩ ওভারে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান। এছাড়া রাসেল ২টি উইকেট লাভ করেন।
খেলা শেষে দুর্দান্ত বোলিং নৈপুণ্যের জন্য লিটন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া লিটন ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং রাসেল ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
শিরোপা জয়ের মাধ্যমে মার্জ গ্রুপ টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে।