মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতায় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ফলে দলটি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার দুপুরে আমঝুপি মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২-০ গোলে আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় রিফাত একাই দুটি গোল করে দলকে জয় এনে দেন।
ফাইনালে জয় পাওয়ার মধ্য দিয়ে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেল।