মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলায় লাটা হাম্বার (স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান) গাড়ির চাপায় আনিসা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আনিসা করমদী গ্রামের সাজেদুল হকের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার সকাল ১১টার দিকে গাংনীর তেঁতুলবাড়ীয়া-বামন্দী সড়কের করমদী সন্ধানী মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন জানান, আনিসা রাস্তা পার হচ্ছিল। এ সময় তেঁতুলবাড়ীয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বালি বোঝাই একটি লাটা হাম্বার গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক চালক পুলিশ হেফাজতে রয়েছে।