মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে খাজা মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত খাজা মিয়া বলিয়ারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে খাজা মিয়া বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে তিনি রাস্তার পাশে একটি বাঁশঝাড়ের নিচে আশ্রয় নেন। মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাজা মিয়া দুই সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।