মেহেরপুর নিউজ :
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে বিতর্কে অংশ নেন উম্মে সামিয়া, তাহসিন তাহা, হুমায়রা সিদ্দিকা ও ফারহা সোহানি দুর্বা। অন্যদিকে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে অংশ নেন জীবন আলী, আহনাব আতিক ও সিনথিয়া খাতুন সুফিয়া।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নুরুল আহমেদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর খসরু ইসলাম, সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান ও আফতাব আহমেদ।
এর মধ্য দিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালের দলগুলো চূড়ান্ত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুক্তিনির্ভর চিন্তাচর্চা বাড়াতে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।