মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, ইন্সপেক্টর মারুফ হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাইখুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারি দপ্তর, আইন প্রয়োগকারী সংস্থা ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।