মেহেরপুর নিউজ :
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জামায়াত নেতা জাব্বারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে তাদের আগ্রহী করে তুলতেই দেশব্যাপী এ আয়োজন করা হয়েছে।
এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।