মেহেরপুর প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের পক্ষে বিতর্কে অংশ নেন উম্মে সামিয়া, তাহসিন তাহা, হুমায়রা সিদ্দিকা ও ফারহা সোহানি দুর্বা। অপরদিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে অংশ নেন আশফাক হাবিব আবিদ, মুবতাসিম ফুয়াদ ও মাহামুদ হাসান দিগন্ত।
প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফারহা সোহানি দুর্বা সেরা বক্তা নির্বাচিত হন।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নুরুল আহমেদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর খসরু ইসলাম, সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান ও আফতাব আহমেদ।
দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।