মেহেরপুর প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজয় কুমার রায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল সূত্রধর।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস টিটো ও সহ-সভাপতি নুরুল আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রফেসর খশরু ইসলাম, আফতাব আহমেদ, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ রওশনারা খাতুন, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিনসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, সৃজনশীলতা বিকাশ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।