মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের নতুনপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার বাসিন্দা। তিনি নুরন্নেশার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী নিজ বাড়িতে কাজ করছিল। এ সময় মোশারফ হোসেন ওই বাড়িতে প্রবেশ করে এবং ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় বাড়িতে একটি মোবাইল ফোনের রিংটোন শুনে ছাত্রীর মা আনোয়ারা খাতুন ফোনটি উদ্ধার করেন। কিছুক্ষণ পর মোশারফ হোসেন এসে ফোনটি নিজের দাবি করে নিয়ে যান। পরে মেয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে তার মা জানতে চাইলে ছাত্রী তাকে ঘটনার কথা জানায়। এরপর তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ছাত্রীর মা আনোয়ারা খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০)(সঃ ৩)-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ১৯, জিআর মামলা নম্বর ১১২/২০২৫ এবং শিশু সহিংসতা মামলা নম্বর ২৬/২০২৬।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে উল্লিখিত দণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর পারভিন সুলতানা। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।