মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামবাসীর উদ্যোগে শিবপুর মাঠে অনুষ্ঠিত শিবপুর ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে বল্লভপুর একাদশকে পরাজিত করে তারা।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। এর আগে খেলার প্রথমার্ধের চতুর্থ মিনিটে পারভেজের গোলে এগিয়ে যায় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। ২২ মিনিটে বল্লভপুর একাদশের পক্ষে বাসার গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময়ে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও আর কোনো গোল করতে পারেনি।
টাইব্রেকারে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির পক্ষে জুবায়ের, পাভেল, রিফাত, সাদিক ও হানিফ গোল করেন। বল্লভপুর একাদশের পক্ষে শাকিল, রাসেল, সাকিব ও রিপন গোল করেন।
খেলায় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির গোলরক্ষক রাজন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে আজিমুদ্দিন গাজী, জাহাঙ্গীর গাজী, জিনারুল গাজী, ইনফিতার গাজী, গাজী শামসুল ও গাজী সেলিম গাজী উপস্থিত থেকে তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।