মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বড়বাজার কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে জিয়ারুল ইসলাম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ভাড়াকৃত কাঁচামালের দোকানের টেবিলের নিচে লুকিয়ে রাখা ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে বড়বাজার কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জিয়ারুল ইসলাম মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার নইমুদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেল আহমেদের নেতৃত্বে একটি দল বড়বাজার কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জিয়ারুল ইসলামের ভাড়াকৃত কাঁচামালের দোকানে তল্লাশি চালিয়ে টেবিলের নিচে লুকানো অবস্থায় ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিয়ারুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।