মেহেরপুর নিউজঃ অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আক্তারুল ইসলাম ওরফে আখতারুজ্জামান ফিলসনকে (৫৮) গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আখতারুজ্জামান ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের দুটি এবং একটি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে গত বছরের ৪ নভেম্বর মেহেরপুরে দায়ের হওয়া প্রথম সাইবার সুরক্ষা আইনের মামলার ১২ নম্বর এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি মুজিবনগর থানায় দায়ের হওয়া দ্বিতীয় সাইবার সুরক্ষা আইনের মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে-বিদেশে অর্থ পাচার, বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন এবং ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলতেন ফিলসন।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে সাইবার সুরক্ষা আইনের দুটি মামলা ও রাজনৈতিক মামলার পলাতক আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।