মেহেরপুর নিউজ:
১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুরে ওজোপাডিকোর গেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ওজোপাডিকোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, গ্রাহকসেবার মানোন্নয়ন, চাকরির শর্তের উন্নয়ন, অর্গানোগ্রাম সংশোধন, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা, বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা সমাধান, শ্রম আইন, বিধিমালা, আইএলও কনভেনশন, সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৈষম্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বৃদ্ধি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, উন্নত কর্মপরিবেশ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভিন্ন মতাদর্শের কারণে কোনো কর্মচারীকে চাকরির সুবিধা থেকে বঞ্চিত না করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম। তারা অবিলম্বে ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।
এ সময় সিবিএ নেতা ফয়সাল আহমেদ, বিকাশ চন্দ্র, আব্দুল কুদ্দুস, কামরুজ্জামানসহ ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।