মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, দীর্ঘ লাফ ও উচ্চলাফের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের মাঝে তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র বিতরণ করা হয়।
এ সময় মেহেরপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আলী হায়দার চৌধুরী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে যেন তারা না পড়েন। এ বিষয়ে প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মনোনীত প্রতিনিধি ও পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), এসবি মোহাম্মদ মোবারক হোসেন, বিপিএম-সেবা; নিয়োগ বোর্ডের সদস্য সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার এবং যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।