মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের ট্রেনিং টিমের সদস্য (সহকারি লিডার ট্রেনার) মনোনীত হয়েছেন মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ফারুক হোসেন। তিনি মুজিবনগর উপজেলার উপজেলা কাব স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোঃ ফারুক হোসেন স্কুল জীবন থেকেই স্কাউটিং এর সাথে জড়িত। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালিন ১৯৯৪ সালে স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেছিলেন। মেহেরপুর সরকারি কলেজে অধ্যায়নরত অবস্থায় ১৯৯৭ সালে সিলেটে অনুষ্ঠিত রোভার স্কাউট মুটে অংশগ্রহণ করতে গিয়ে তাদের গাড়ি মারাত্মক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এবং সে দুর্ঘটনায় মেহেরপুর জেলার ৫ জন রোভার নিহত হয়। এবং মোঃ ফারুক হোসেন মারাত্মকভাবে আহত হন। তিনি দীর্ঘ তিন মাস ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তার মাঝে ৭৫ দিন তিনি অচেতন অবস্থায় ছিলেন। তারপর থেকে তিনি আবার নতুনভাবে জীবন শুরু করেন। এবং লেখাপড়া শেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। স্কাউটিং এর প্রতি অগাধ ভালোবাসায় তিনি নিজ বিদ্যালয়ে ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৯ এবং ২০২৩ সালে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হন। স্কাউটিং এ কাজের স্বীকৃতি স্বরূপ এখন তিনি বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের ট্রেনিং টিমের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি আউ সি টি ফর এডুকেশন মেহেরপুরের জেলা এম্বাসেডর, তিনি শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য। ফারুক হোসেন ২০১৮ সালে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে সরকারিভাবে ভিয়েতনাম সফর করেন।