মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা মল্লিকপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— আমির হামজা (১৯), আবু সামা শিশির (১৯), জাহিদুল ইসলাম (২৫) ও নাহিদ হোসেন (২২)।
আটক আমির হামজা আবুল কাশেমের ছেলে, আবু সামা শিশির শামীম রেজার ছেলে, জাহিদুল ইসলাম মোরশেদ আলীর ছেলে এবং নাহিদ হোসেন দাওয়াত ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার খোকসা মল্লিকপাড়ার মালশাগাড়ি বিলের শহিদুলের পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় একটি টং ঘরে অনলাইন জুয়া খেলার সময় ওই চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৬/১৭/২৫/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।