মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর দিশারির উদ্যোগে আয়োজিত চায়না বার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু একাদশ। বুধবার বিকেলে আশরাফপুর ভাটার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বন্ধু একাদশ ২-০ গোলে ওসমান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় বন্ধু একাদশের হিমেল প্রথম গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে দলের গোলরক্ষক সুমন গোল করে ব্যবধান ২-০ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বন্ধু একাদশ।
ফাইনাল খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের হিমেলকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তামিম, ইমাম রেজা, নজরুল ইসলাম ও খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।