মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে বামনপাড়া মাঠে অনুষ্ঠিত মরহুম আল মামুন স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে নয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নয়ন একাদশ টাইব্রেকারে ৩-১ গোলে হান্টার বয়েজ একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হলে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।
টাইব্রেকারে নয়ন একাদশের পক্ষে নয়ন, বিদ্যুৎ ও রোমান একটি করে গোল করেন। হান্টার বয়েজ একাদশের পক্ষে ইমরান একটি গোল করেন।
টুর্নামেন্টে বিজয়ী দলের নয়ন ম্যান অব দ্য ফাইনাল এবং একই দলের গোলরক্ষক বিদ্যুৎ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
মীর গোলাম ফারুকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মীর আসাদুল ইসলাম, মীর আহসান হাবিব, রিমন, হানিফ খান, মীর মাহফুজ আলম, ইউনুস, সুমন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।