মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে বিপুল মোবাইল সার্ভিস সেন্টার।
শনিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় পিছিয়ে পড়েও বিপুল মোবাইল সার্ভিস সেন্টার ২-১ গোলে ফারুক টেলিকমকে পরাজিত করে। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ফারুক টেলিকমের রিহাব গোল করে দলকে এগিয়ে নেন। এর দুই মিনিট পর বিপুল মোবাইল সার্ভিস সেন্টারের জাহিদ গোল করে খেলায় সমতা ফেরান। এরও দুই মিনিট পর মিলন গোল করে দলের জয় নিশ্চিত করেন।
খেলার প্রথমার্ধের পঞ্চম মিনিটে এবং দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ফারুক টেলিকম দুটি পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হয়। আলমগীর হোসেন লালটুর নেওয়া প্রথম পেনাল্টি কিকটি গোলরক্ষক আটকে দেন। দ্বিতীয় পেনাল্টি থেকে নেওয়া তাঁর শটটি বারে লেগে ফিরে আসে।
খেলায় বিজয়ী দলের জিসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মেহেরপুর সজিব স্পোর্টসের পক্ষ থেকে দেওয়া ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু।