মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরে একটি ক্ষ্যাপা কুকুরের আক্রমণে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে শুরু হওয়া কুকুরটির তাণ্ডব বাসস্ট্যান্ড, আমিন মিষ্টির গলি ও রাজলক্ষ্মী থানা মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি হঠাৎ উন্মত্ত আচরণ শুরু করে পথচারীদের কামড় চালাতে থাকে। যে-ই সামনে পড়েছে, তাকেই ধাওয়া করে কামড়ে দেয়। অল্প সময়ের মধ্যে শহরের একাধিক স্থানে অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দোকান ও বাসাবাড়িতে ছুটে যান।
আহতদের মধ্যে রয়েছেন গাংনী মহিলা কলেজ পাড়ার নুহু (৯),গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদ (৬৩), গাংনী উত্তরপাড়ার মাহাবুর রহমান (১২), ৮ নম্বর ওয়ার্ডের ফারিয়া আক্তার (১২), চৌগাছা গ্রামের হাজী আব্দুল মান্নান (৭০), পশ্চিম মালসাদহ গ্রামের সাদিয়া (১৬), হারদি গ্রামের কাদব আলী (৫৬), গাংনী বাজারপাড়ার মুকুল মিয়া (৪৫), গাংনী বাগানপাড়ার হাবিবুর রহমান (২২), ধানখোলা গ্রামের রফিক (৫৫), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হাফিজুর রহমান (৬০) এবং পূর্ব মালসাদহ গ্রামের হযরত আলী (৫০)সহ আরো কয়েকজন।
আহতদের দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া সুলতানা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরের কামড়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।