মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাবের উদ্যোগে হরিরামপুর মাঠে সীমান্ত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন হলেও উদ্বোধনী ম্যাচ শেষ হয়েছে সংঘর্ষের মধ্য দিয়ে।
শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া একাদশ ও গাংনী উপজেলার ধলা একাদশ মুখোমুখি হয়। খেলার দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে ঝাউবাড়িয়া একাদশ এগিয়ে যায়। এর দুই মিনিট পর মেহেদি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
খেলার শেষদিকে ধলা একাদশের খেলোয়াড় বিজয় অসদাচরণমূলক মনোভাব প্রদর্শন করলে রেফারি সুমন তাকে হলুদ কার্ড দেখান। এ সময় বিজয়ের নেতৃত্বে ধলা একাদশের খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ত্যাগ করতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে দর্শকরা মাঠে প্রবেশ করে ধলা একাদশের খেলোয়াড়দের মারধর শুরু করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। শেষ পর্যন্ত খেলা শেষ হতে প্রায় সাড়ে চার মিনিট বাকি থাকতে ধলা একাদশের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। পরে রেফারি ঝাউবাড়িয়া একাদশকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, ইউপি সদস্য সার্থক আলী, সাবেক সদস্য আসেদ আলী, সানোয়ার হোসেন, ফিরাতুল ইসলাম, মতিয়ার রহমান, জুয়েল রানা প্রমুখ।