তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে স্বামীর উপর অভিমান করে রুবিনা খাতুন (২০) নামের এক সন্তানের জননী শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।
রুবিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের রবগুল হোসেনের মেয়ে ও পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের মিলন হোসেনের স্ত্রী।
জানা গেছে, মিলন হোসেনের সাথে চার বছর আগে রুবিনার বিয়ে হয়। স্বামী মিলন হোসেন স্থানীয় একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে চাকুরির সুবাদে গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বাসা মালিকের স্ত্রী শামীমা আক্তার রিতা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রান্না নিয়ে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাত নয়টার দিকে রুবিনা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
স্বামী মিলনের চিৎকারে বাসা মালিকের পরিবারসহ আশেপাশের লোকজন গিয়ে রুবিনার গায়ের আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রুবিনার মৃত্যু হয়। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।