মেহেরপুর নিউজঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা জাসাসের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার জাদবপুর ব্রিজসংলগ্ন ভৈরব নদের তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ভৈরব নদের তীরে বিভিন্ন প্রজাতির কয়েকশ গাছের চারা রোপণ করা হয়। পরে স্থানীয় কৃষক, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লার তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাসাসের আহ্বায়ক মাহাফুজুর রহমান অশেষ, পৌর জাসাসের সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক এস. এম. মকিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মকছেদ আলীসহ জেলা ও পৌর জাসাসের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। একই সঙ্গে সবুজ বাংলাদেশ গড়তে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে আরও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।